প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় রাজধানী ওয়েলিংটনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি।
ওয়েলিংটনের মেয়র অ্যান্ড্রু লিটল জানিয়েছেন, সোমবার এক ঘণ্টারও কম সময়ে শহরে রেকর্ড ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, অসংখ্য যানবাহন বন্যার পানিতে তলিয়ে গেছে এবং পাহাড় ধসে ঘরবাড়ির ওপর পড়ছে।
প্রবল বন্যায় কারোরি উপশহর থেকে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ডজনখানেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ওয়েলিংটন বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি স্কুল তাদের ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে।
মেয়র অ্যান্ড্রু লিটল তার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জানান, 'আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বন্যার পানির তোড়ে গাড়ি ভেসে যাচ্ছে এবং ম্যানহোলের ঢাকনা উপড়ে পড়েছে।'
উল্লেখ্য, গত সপ্তাহেই ঘূর্ণিঝড় ‘ভাইনাউ’ উত্তর দ্বীপের ওপর দিয়ে বয়ে গিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এই ভয়াবহ বন্যার কবলে পড়ল দেশটি।
জরুরি ব্যবস্থাপনা দপ্তর বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের অন্তত আগামী ২৪ ঘণ্টার জন্য নিরাপদ স্থানে বা স্বজনদের বাড়িতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ওয়েলিংটন সিটি মিশনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দুই দূতাবাস কর্মকর্তাসহ মেক্সিকোতে নিহত ৪