উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের পালে নতুন হাওয়া দিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এবার নিজের আদুরে কন্যা কিম জু আয়ে-কে সঙ্গে নিয়ে অত্যন্ত বিধ্বংসী ‘ক্লাস্টার বোমা’ বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন তিনি। চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় দফার বড় ধরণের অস্ত্র পরীক্ষা।
সোমবার (২০ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘হুয়াসং-১১’ সিরিজের পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষ ধরণের ক্লাস্টার বোমা এবং ফ্র্যাগমেন্টেশন মাইন ওয়ারহেড বহনে সক্ষম। নির্ধারিত লক্ষ্যবস্তু হিসেবে একটি দ্বীপে এগুলো সফলভাবে আঘাত হেনেছে। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলো একযোগে ৬.৫ থেকে ৭ হেক্টর এলাকা পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম।
কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং উন এবং তার কিশোরী কন্যা কিম জু আয়ে একই ধরণের কালো চামড়ার জ্যাকেট পরে উপকূলীয় একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, কিম জু আয়ে-কে যেভাবে জনসমক্ষে আনা হচ্ছে, তা ভবিষ্যতে তাকে উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হিসেবে গড়ে তোলার একটি ইঙ্গিত।
সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লাস্টার বোমা ওয়ারহেডগুলো আকাশেই বিস্ফোরিত হয়ে নির্দিষ্ট এলাকার ওপর অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এতে ক্ষয়ক্ষতি অনেক বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এসব ক্ষুদ্র বোমা ঠেকানো অত্যন্ত কঠিন। কিম জং উন এই পরীক্ষার সফলতায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘এই ধরণের ক্লাস্টার অস্ত্র আমাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ক্লাস্টার অস্ত্রের কার্যকারিতা বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। সেই সংঘাতের প্রভাব এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই উত্তর কোরিয়া এখন উন্নত মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। গত রবিবারই দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছিল, যা নিয়ে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: এপি ও কেসিএনএ।
নিউজিল্যান্ডের রাজধানীতে জরুরি অবস্থা, বন্যায় বিপর্যস্ত জনজীবন
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর 