চিকিৎসা বিজ্ঞানে গাঁজার সুফল: গবেষণা বাড়াতে ট্রাম্পের নির্দেশে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

গবেষণা ও চিকিৎসার পথ সহজ করতে গাঁজাকে কম ঝুঁকিপূর্ণ ড্রাগ হিসেবে পুনরুক্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ তার প্রশাসনের পক্ষ থেকে গাঁজাকে 'শিডিউল-১' (Schedule I) থেকে 'শিডিউল-৩' (Schedule III) ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এর ফলে চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে।

কাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি আদেশে রাজ্য অনুমোদিত মেডিকেল গাঁজাকে নতুনভাবে শ্রেণিবিন্যাস করেন। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে এবং গবেষণার পথ আরও উন্মুক্ত হবে। তাঁর ভাষায়, এটি রোগীদের জন্য উন্নত চিকিৎসা এবং চিকিৎসকদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে সহায়ক হবে।

এই সিদ্ধান্তের ফলে গাঁজার ওপর বিদ্যমান ফেডারেল বিধিনিষেধ কিছুটা শিথিল হবে। বিশেষ করে, গাঁজাকে ‘শিডিউল ১’ (যেখানে হেরোইন ও এলএসডি-র মতো মাদক অন্তর্ভুক্ত) থেকে সরিয়ে ‘শিডিউল ৩ ’-তে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে গবেষণা সহজ হবে এবং চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার বাড়তে পারে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চালু থাকা প্রায় ৪০টি মেডিকেল ক্যানাবিস কর্মসূচি আরও বৈধতা পাবে।

তবে এই উদ্যোগ রিপাবলিকানদের মধ্যে সমর্থন পায়নি। অনেক আইনপ্রণেতা মনে করেন, এতে তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বাড়তে পারে। কংগ্রেসম্যান অ্যান্ডি হ্যারিস এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন—গবেষণার জন্য পুনঃ শ্রেণিবিন্যাসের প্রয়োজন নেই; বরং এটি তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে।

অন্যদিকে, ট্রাম্প এই সমালোচনার জবাবে বলেন, এই পদক্ষেপ কোনোভাবেই গাঁজাকে বৈধতা দিচ্ছে না বা বিনোদনমূলক ব্যবহারে উৎসাহ দিচ্ছে না। তিনি বরাবরই মাদকবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এই নীতিগত পরিবর্তনের পেছনে ব্যবসায়িক চাপও ছিল। ক্যানাবিস কোম্পানি ট্রুলিভ-এর প্রধান নির্বাহী কিম রিভার্স দীর্ঘদিন ধরে এই বিষয়ে লবিং করছিলেন।

এদিকে, এই ঘোষণার পর ক্যানাবিস সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ক্যানাবিস শিল্পে নতুন বিনিয়োগ ও আর্থিক সুযোগ সৃষ্টি করবে।

AHA
আরও পড়ুন