ডিপসিকসহ চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে চুরির অভিযোগ, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ল্যাবগুলো থেকে মেধা সম্পদ চুরির অভিযোগে চীনা কোম্পানি ডিপসিকসহ (DeepSeek) বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বব্যাপী সতর্কতা জারির নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি কূটনৈতিক তারবার্তার (ক্যাবল) বরাতে এ তথ্য জানা গেছে।

গত শুক্রবার বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক ও কনস্যুলার পোস্টগুলোতে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী দেশগুলো মার্কিন এআই মডেলগুলোর তথ্য সংগ্রহ ও 'ডিস্টিলেশন' (Distillation) প্রক্রিয়ার মাধ্যমে নিজস্ব প্রযুক্তি উন্নত করার চেষ্টা করছে। 'ডিস্টিলেশন' হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে বড় এবং ব্যয়বহুল এআই মডেলের আউটপুট ব্যবহার করে কম খরচে ছোট ও শক্তিশালী মডেল তৈরি করা হয়।

ক্যাবলটিতে বিশেষভাবে চীনা স্টার্টআপ ডিপসিক, মুনশট এআই এবং মিনিম্যাক্স-এর নাম উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই কোম্পানিগুলো অননুমোদিতভাবে মার্কিন এআই মডেলের তথ্য ব্যবহার করে এমন সব পণ্য তৈরি করছে যা দেখতে মূল সিস্টেমের মতো মনে হলেও আসলে মেধা সম্পদ চুরির ফসল। এছাড়া, এর ফলে এআই মডেলের নিরাপত্তা প্রোটোকল এবং আদর্শিক নিরপেক্ষতাও নষ্ট হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, চীনের এআই খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই যুক্তরাষ্ট্র এই ধরণের উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ করছে। অন্যদিকে ডিপসিক-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইন্টারনেট থেকে সংগৃহীত ডাটা ব্যবহার করে মডেল তৈরি করেছে এবং ইচ্ছাকৃতভাবে ওপেনএআই-এর (OpenAI) কোনো সিন্থেটিক ডাটা ব্যবহার করেনি। সূত্র: রয়টার্স

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত