গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই: ট্রাম্প

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি সেখানে উপস্থিত ছিলেন।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাটি তদন্ত করছে।

ঘটনার কিছুক্ষণ পর সংবাদ ব্রিফিংয়ে এসে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম ট্রে পড়ে যাওয়ার মতো কোনো শব্দ, কারণ এটি বেশ দূরে ছিল। কিন্তু ফার্স্ট লেডি সঙ্গে সঙ্গে বুঝেছিলেন—তিনি বলেছিলেন, ‘এটা খারাপ শব্দ।’

হামলাকারীর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় জানিয়ে ট্রাম্প বলেন, আটক ব্যক্তিকে ‘খুবই সন্দেহজনক’ মনে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, হামলাকারী এককভাবে এই হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি না এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে।

ঘটনার সময় ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি জানান, তিনি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদ আছেন। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন