ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান কঠোর নৌ-অবরোধের অংশ হিসেবে এবার ইরানের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, তাদের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (USS Rafael Peralta) মাঝসমুদ্রে এক বিশেষ অভিযান চালিয়ে ‘এম/টি স্ট্রিম’ (M/T Stream) নামের তেলের ট্যাংকারটি থামিয়ে দেয় এবং নিজেদের নিয়ন্ত্রণে নেয়। মার্কিন বাহিনীর দাবি, ট্যাংকারটি আন্তর্জাতিক অবরোধ অমান্য করে সুকৌশলে ইরানের একটি বন্দরে প্রবেশের চেষ্টা করছিল।
জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী গ্লোবাল প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিক’-এর পরিসংখ্যান অনুযায়ী, জব্দ হওয়ার আগে জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালিতে অবস্থান করতে দেখা গিয়েছিল। সেখান থেকে এটি ইরান অভিমুখে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
মাঝসমুদ্রে ইরান-সংশ্লিষ্ট তেলের ট্যাংকার এভাবে আটকে দেওয়ার ঘটনাকে এর আগেও ‘আন্তর্জাতিক জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই সাম্প্রতিক আটকের ঘটনায় তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট আই
