ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার।

বুধবার (২৯ এপ্রিল) হাউজ আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে পেন্টাগনের অর্থ বিভাগের শীর্ষ কর্মকর্তা জুলস হার্স্ট এ কথা জানান।

ইরানে যুদ্ধ শুরুর পর এটিই মার্কিন সামরিক ব্যয়ের প্রথম কোনও সরকারি হিসাব।

পেন্টাগন কর্মকর্তা জুলস হার্স্ট জানান, 'এই বিপুল ব্যয়ের সিংহভাগই খরচ হয়েছে গোলাবারুদ এবং সমরাস্ত্রের পেছনে।'

তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামত বা পুনর্গঠন ব্যয় এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এই হিসাব পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন যে, দীর্ঘ সময় ধরে এই সংখ্যাটি জানার অপেক্ষায় ছিলেন তাঁরা।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় মাস আগে যুদ্ধের এই বিশাল ব্যয়ের হিসাব সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। যুদ্ধের প্রভাবে সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় হু হু করে বাড়ছে। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রোল ও গ্যাসলিনের দাম আকাশচুম্বী। এর সরাসরি প্রভাব পড়েছে সারসহ বিভিন্ন কৃষি পণ্যের ওপর।

যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় ও অর্থনৈতিক সংকটের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। রয়টার্স/ইপসোস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, মাত্র ৩৪ শতাংশ আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করছেন, যা মার্চের তুলনায় ৪ শতাংশ কম। পেন্টাগন বর্তমানে মধ্যপ্রাচ্যে ১০ হাজার অতিরিক্ত সেনা এবং তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক শ আহত হয়েছেন। বর্তমানে এক ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ওই অঞ্চলে উত্তেজনা এখনো তুঙ্গে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত