মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরণের ধস নেমেছে। আউন্স প্রতি সোনার দাম এক দিনেই ২ শতাংশের বেশি কমেছে। আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার কারণে দেশের বাজারেও যেকোনো সময় মূল্যবান এই ধাতুর দাম কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৪ মে) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৩ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া মার্কিন গোল্ড ফিউচারস ২ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৫৩৩ দশমিক ৩০ ডলারে স্থির হয়েছে। শুধু স্বর্ণই নয়; রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও ৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার বদলে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে তৎপরতা বাড়ানোয় ডলারের মান বেড়েছে।
অন্যদিকে, তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার দীর্ঘ সময় উচ্চ রাখার ইঙ্গিত দিয়েছে। সাধারণত সুদের হার বাড়লে সোনার আকর্ষণ কমে যায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, তারা বিশ্ববাজারের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আন্তর্জাতিক বাজারে বড় ধরণের দরপতন হলে দেশের বাজারেও তার প্রতিফলন ঘটে। বর্তমানে দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
সবশেষ গত ৩০ এপ্রিল (বৃহসাপতিবার) সন্ধ্যায় বাজুস ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছিল।
সোনার বর্তমান বাজারদর (৫ মে ২০২৬):
২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (ভরি)।
২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
তবে বিশ্ববাজারের বর্তমান অবস্থা বিবেচনায় নিলে অচিরেই দেশের ক্রেতারা সোনার দাম কমার সুখবর পেতে পারেন।
কত দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা, জেনে নিন আজকের বাজারদর