দেশের রিজার্ভ আরও বাড়লো

আপডেট : ০৬ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বগতির ধারায় ফিরেছে।

বুধবার (৬ মে) পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদিও আন্তর্জাতিক মানদণ্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এই সময়ে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রিজার্ভের এই সামান্য বৃদ্ধি মূলত ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহের ফল। গতকাল ৫ মে একদিনেই প্রবাসী আয় এসেছে ১৬১ মিলিয়ন ডলার। আর মে মাসের প্রথম পাঁচ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৪৭৭ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ দশমিক ০১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিলেও তা এখনও স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। কারণ, বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভই প্রকৃত সক্ষমতার প্রতিফলন, যেখানে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। সেই হিসাবে রিজার্ভ এখনও ৩১ বিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

YA
আরও পড়ুন