জুনের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:৫৮ এএম

চলতি ২০২৬ সালের জুন মাসের প্রথম ২০ দিনেই দেশে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠিয়েছেন প্রবাসীরা।

বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে) দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৯৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা। এই সময়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে।

রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক চিত্র জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের প্রথম ২০ দিনে ব্যাংকিং চ্যানেলগুলোর মধ্যে বরাবরের মতোই বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সিংহভাগ রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ১২১ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর শাখাগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৪২ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুনের প্রথম ২০ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এনে চমক দেখিয়েছে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক।

বাংলাদেশ কৃষি ব্যাংক: ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার (১ম)

অগ্রণী ব্যাংক: ২৫ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ডলার (২য়)

ইসলামী ব্যাংক: ২৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার ডলার (৩য়)

ব্র্যাক ব্যাংক: ২০ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার (৪র্থ)

ট্রাস্ট ব্যাংক: ১৭ কোটি ৬২ লাখ ২০ হাজার ডলার (৫ম)

প্রবাসী আয়ের এই জোয়ারের মধ্যেও চলতি মাসের প্রথম ২০ দিনে দেশি-বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ৫টিই হলো বিদেশি ব্যাংক।

প্রবাসী আয় না আসা এই ব্যাংকগুলো হলো—বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও উরি ব্যাংক।

YA
আরও পড়ুন