ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’র নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে তেহরানের হাতেই থাকবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা আমোস হোচস্টাইন এমন পূর্বাভাস দিয়েছেন। ব্লুমবার্গ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
হোচস্টাইন বলেন, অদূর ভবিষ্যতে এই আন্তর্জাতিক জলপথে ইরানের একচ্ছত্র প্রভাব কমার কোনো সম্ভাবনা নেই। তার ভাষায়, ‘ওয়াশিংটন হয়তো কাগজে-কলমে জলপথ উন্মুক্ত হওয়ার প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারে, কিন্তু উপসাগরীয় দেশগুলো তা সহজে বিশ্বাস করবে না। কারণ তারা জানে, এই রুটে ইরানের কার্যত ‘ভেটো’ ক্ষমতা রয়েছে এবং যেকোনো মুহূর্তে তেহরান বিশ্ববাণিজ্য অচল করে দিতে পারে।’
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলাপ-আলোচনা চললেও বড় ধরণের মতবিরোধ রয়েছে। ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন এবং আলোচনা ব্যর্থ হলে আবারও ভয়াবহ হামলার হুমকি দিয়ে রেখেছেন। অন্যদিকে ইরান প্রস্তাব দিয়েছে যে, যুদ্ধ বন্ধ এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিনিময়ে তারা হরমুজ প্রণালি খুলে দেবে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
হোচস্টাইন বিশ্ববাজারে তেলের দাম নিয়ে এক ভয়াবহ তথ্য দিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববাজারে তেলের প্রকৃত দামে বড় ধরণের অসামঞ্জস্য তৈরি হয়েছে। কাগজে-কলমে ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলার দেখালেও বাস্তবে অনেক দেশকে ১৫০ থেকে ১৭০ ডলার পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে শ্রীলঙ্কার মতো সংকটাপন্ন দেশে প্রতি ব্যারেল তেলের দাম ২৮৬ ডলারে পৌঁছেছে।
তিনি সতর্ক করে বলেন, এই জ্বালানি সংকট এখন কেবল দরিদ্র দেশগুলোতে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া হয়ে শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতেও আঘাত হানবে। এই পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ইরানকে এড়িয়ে বিকল্প জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।
চলমান যুদ্ধের প্রভাবে কুয়েত ও বাহরাইনের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং কাতার তাদের এলএনজি রপ্তানিতে জুন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে।
ইরানকে ‘ফাইবার-অপটিক’ ড্রোন দিচ্ছে রাশিয়া, গোপন নথি ফাঁস
নিজের পাতা ফাঁদে আটকা ট্রাম্প, সম্মান বাঁচাতে ইরানের সঙ্গে ‘ডিল’ খুঁজছেন
যুক্তরাষ্ট্রের হাতে আটক নাবিকদের দ্রুত প্রত্যাবাসন চায় পাকিস্তান