‘এই মুহূর্তটি কখনো ভুলব না’-এল ক্ল্যাসিকো জয়ের পর হ্যান্সি ফ্লিক

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:২৫ পিএম

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে যখন ২৯তম লিগ শিরোপা জয়ের উল্লাসে মেতেছে কাতালান সমর্থকরা, তখন ডাগআউটে চোখের জল মুছছিলেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। কারণ, জীবনের অন্যতম বড় সাফল্যের দিনে তিনি পাশে পাননি তার বাবাকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানা যায়, হাইভোল্টেজ এই ‘এল ক্ল্যাসিকো শুরুর কয়েক ঘণ্টা আগেই হ্যান্সি ফ্লিক তার বাবার মৃত্যুসংবাদ পেয়েছিলেন। সকালে মা ফোন করে এই দুঃসংবাদ দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়লেও পেশাদারিত্বের জায়গা থেকে নতিস্বীকার করেননি এই জার্মান কোচ। শোক বুকে চেপেই তিনি মাঠে দলের সাথে থাকার সিদ্ধান্ত নেন।

ফ্লিক বলেন, ‘সকালে খবরটি পাওয়ার পর আমি দ্বিধায় ছিলাম বিষয়টি গোপন রাখব কি না। কিন্তু এই দলটি আমার কাছে একটি পরিবারের মতো। তাই আমি খেলোয়াড়দের সঙ্গে খবরটি ভাগ করে নিই। এই মুহূর্তটি আমি কখনো ভুলব না।’

শিরোপা নির্ধারণী এই ম্যাচে রিয়াল মাদ্রিদ শক্তিশালী প্রতিরোধ গড়লেও বার্সেলোনার কৌশলের কাছে হার মানতে বাধ্য হয়। ফ্লিক তাঁর দলের রক্ষণভাগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ম্যাচটি মোটেও সহজ ছিল না। রিয়াল আমাদের চাপে রেখেছিল, কিন্তু আমাদের ডিফেন্ডাররা অসাধারণ খেলেছে।’ পুরো মৌসুমে চোট-আঘাতের জর্জরিত হয়েও লড়াই চালিয়ে যাওয়াকে এই শিরোপার অন্যতম সার্থকতা হিসেবে দেখছেন তিনি।

এই শিরোপা জয়ের মাধ্যমে শীর্ষ পর্যায়ের লিগে নিজের শতভাগ সাফল্যের অনন্য রেকর্ডটি ধরে রাখলেন হ্যান্সি ফ্লিক। এর আগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে টানা দুইবার বুন্দেসলিগা জয়ের পর এখন বার্সেলোনার হয়েও টানা দুই মৌসুমে লিগ শিরোপা ঘরে তুললেন তিনি।

ঘরোয়া লিগে আধিপত্য ধরে রাখলেও বার্সেলোনার এখন বড় ক্ষুধা ইউরোপের মঞ্চে। ২০১৫ সালের পর আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দেখা পায়নি ক্লাবটি। ফ্লিক স্পষ্ট করে দিয়েছেন, আগামী মৌসুমে তার প্রধান লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন্স লিগের সেই আরাধ্য ট্রফি। পাশাপাশি চলতি মৌসুমে লা লিগায় ১০০ পয়েন্ট অর্জনের মাইলফলক স্পর্শ করতে চান তিনি।

শোক আর সাফল্যের এমন অসাধারণ মেলবন্ধনে বার্সেলোনার ২৯তম লা লিগা জয়টি ফুটবল ইতিহাসে এক অনন্য দলিল হয়ে থাকবে।

FJ
আরও পড়ুন