টানা কয়েক দিনের তীব্র গরমের পর দেশজুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সারা দেশে বৃষ্টিপাত বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে টানা ‘অতিভারি’ বর্ষণের সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি।
সোমবার (১১ মে) বেলা ১১টায় প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১৬ মে পর্যন্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির তাণ্ডব চলতে পারে।
আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারি) এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি (অতিভারি) বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগের নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকেই রংপুর বিভাগে বৃষ্টির তীব্রতা বাড়বে এবং এর প্রভাব ঢাকা বিভাগেও পড়তে পারে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হবে কি না, তা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হবে। এছাড়া একটি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যা দেশজুড়ে বজ্র-মেঘ সৃষ্টিতে সহায়তা করছে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৫ দিনের পূর্বাভাস:
সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১২ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার (১৩ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার (১৫ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস
সাগরে লঘুচাপে, ঢাকাসহ ৫ বিভাগে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস