জানা গেলো ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগের নেপথ্য

আপডেট : ১৯ মে ২০২৬, ০২:০৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সংলাপে পরিণত হয়েছে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’। ছোট-বড় সবার মুখে মুখে এখন এই ডায়লগ। নেটিজেনরা ব্যঙ্গ, হাস্যরস কিংবা কাউকে খোঁচা দিতে হরহামেশাই এটি ব্যবহার করছেন। তবে যে ভিডিওটি থেকে এই সংলাপ ভাইরাল হয়েছে, সেই ব্যক্তি আসলে কে এবং তিনি কি আসলেই কবিরাজ কি না তা নিয়ে অনেকের মনেই কৌতূহল ছিল। অবশেষে সেই রহস্যের জট খুলেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে বসে এক যুবকের হাত দেখে ভাগ্য গণনা করছেন এক বৃদ্ধ। তার কথা বলার অদ্ভুত ভঙ্গি এবং প্রতিটি বাক্যের শেষে বারবার ‘রাগ করলা?’ বলাটি দ্রুত নেটিজেনদের নজরে আসে। এটি নিয়ে শুরু হয় মিম আর ট্রল। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ওই ব্যক্তির নাম ঈমান আলী। তিনি কোনো বাস্তব জীবনের কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনয়শিল্পী।

ঈমান আলীর জন্ম লালমনিরহাটে হলেও প্রায় ২৫ বছর আগে তিনি সপরিবারে গাজীপুরে চলে আসেন এবং বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল তার। সেই শখকে পুঁজি করেই বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন তিনি। বিভিন্ন ইউটিউব কন্টেন্ট এবং নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে তিনি সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেন।

 

এই ভাইরাল ডায়লগটির নেপথ্য সম্পর্কে ঈমান আলী জানান, সম্প্রতি একটি ইউটিউব কন্টেন্টের প্রয়োজনে তিনি কবিরাজ সেজেছিলেন। সেখানে চরিত্রের খাতিরেই তিনি বিশেষ ভঙ্গিমায় ‘রাগ করলা’ সংলাপটি ব্যবহার করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, তিনি মোটেও কোনো কবিরাজ নন এবং ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। অভিনেতা হিসেবে নিজের কাজ মানুষের কাছে পৌঁছেছে এবং সবাই সেটি উপভোগ করছে—এটাই তার বড় সার্থকতা।

SN
আরও পড়ুন