যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবিতেই’ জাতিসংঘের পরমাণু আলোচনা ব্যর্থ: ইরান

আপডেট : ২৩ মে ২০২৬, ০৯:২৭ এএম

জাতিসংঘের 'পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি' (NPT) সংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অন্যায্য দাবিকে দায়ী করেছে ইরান।

তেহরানের দাবি, ওয়াশিংটনের এই একগুঁয়ে মনোভাবই পরমাণু আলোচনাকে সম্পূর্ণ ব্যর্থতা বা ‘ফ্রি ফল’-এর দিকে ঠেলে দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেছে।

ইরানি মিশন তাদের পোস্টে উল্লেখ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ক্রমাগত প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টির কারণে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো এনপিটি পর্যালোচনা সম্মেলন কোনো চুক্তি বা ঐক্যমত্য ছাড়াই ব্যর্থ হলো।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা ‘আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন’ (ACA)-র রিপোর্টের বরাতে জানা গিয়েছিল যে, গতকাল শুক্রবার জাতিসংঘের এই সম্মেলনটি কোনো সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়। সংস্থাটি জানিয়েছিল, এই ব্যর্থতার মূল কারণ ছিল—ওয়াশিংটন এই বৈশ্বিক নিরস্ত্রীকরণ মঞ্চটিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অত্যন্ত জটিল ও নিজস্ব দরকষাকষির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালিয়েছিল।

জাতিসংঘে তেহরানের মিশন আরও যোগ করেছে যে, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং চূড়ান্তভাবে পরমাণু অস্ত্রমুক্ত একটি পৃথিবী গড়ার লক্ষ্যে এই 'নিরাপত্তা ও পরমাণু অস্ত্র অশ্তরীকরণ চুক্তি' নকশা করা হয়েছিল।

তবে ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, পরাশক্তিগুলোর পক্ষ থেকে যদি আরও বৃহত্তর বা ব্যাপক নিরস্ত্রীকরণ প্রচেষ্টা চালানো না হয়, তবে এই এনপিটি চুক্তির আসলে কোনো ভবিষ্যৎ নেই। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত