ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র কোনো ‘নির্ভরযোগ্য’ পক্ষ নয়। একইসঙ্গে জাতীয় অধিকার রক্ষায় ইরান কোনো ধরনের ‘আপস করবে না’ বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৩ মে) তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি যুদ্ধের জেরে অধিকাংশ জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। এতে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয় নেমেছে। এমন প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব কমাতে পাকিস্তানের নেতৃত্বে আঞ্চলিক মধ্যস্থতা প্রক্রিয়া চলছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংক্ষিপ্ত সফর শেষে ইরান ছাড়ার আগে সেনাপ্রধান আসিম মুনির দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর পৃথক দুটি বৈঠক হয়।
শান্তি আলোচনা মূলত ইরানের প্রস্তাবিত একটি ১৪ দফার খসড়া দলিলের ভিত্তিতে এগোচ্ছে, যা তেহরান আলোচনার মূল রূপরেখা হিসেবে বিবেচনা করছে। বৈঠকে এই রূপরেখা এবং দুই পক্ষের মধ্যে আদান-প্রদান হওয়া বার্তা নিয়ে আলোচনা হয়।
স্পিকার গালিবাফ জানান, ইরান যুদ্ধক্ষেত্র ও কূটনীতি-উভয় মাধ্যমেই তার ‘বৈধ অধিকার’ প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, যে পক্ষের বিন্দুমাত্র সততা নেই, তাকে ইরান বিশ্বাস করতে পারে না।
এর আগেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিকবার একই ধরনের অভিযোগ এনেছিল তেহরান।