গাজায় চর্মরোগে আক্রান্ত সোয়া লাখের বেশি মানুষ: জাতিসংঘ

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:০৪ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় পোকা-মাকড়, ইঁদুর বা এই জাতীয় প্রাণীর কামড়ে ভয়াবহ চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে সেখানে এক লাখ ২৫ হাজারেও বেশি মানুষ চর্মরোগের সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ)। সংস্থাটির চিকিৎসকরা এখন হাজার হাজার রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, অসংখ্য বাস্তুচ্যুত মানুষ এখনো যেসব উপচে পড়া অস্থায়ী বসতি ও তাঁবুতে বসবাস করছেন, আমাদের পরিচ্ছন্নতাকর্মী দল সেখানে নিরাপদ কীটনাশক স্প্রে করার কাজ চালিয়ে যাচ্ছে।

সংস্থাটি অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছে যে, তীব্র জ্বালানি সংকট, কীটনাশক, তাঁবু এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র ঘাটতির কারণে এই বিপর্যয় মোকাবেলা করার প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। গাজায় এই মুহূর্তে কোনো প্রকার বাধা ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসামগ্রী এবং পরিচ্ছন্নতার উপকরণ বা সরবরাহ প্রবেশ করা অত্যন্ত প্রয়োজন।

বাস্তব চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখনো তাঁবুর নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং সেখানে কোনো পুনর্গঠনের লক্ষণও নেই। এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানির সংস্থান করা এবং রোগবাহী পশু-পাখি বা জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়া দিন দিন সাধারণ মানুষের জন্য আরও বেশি কঠিন ও কষ্টসাধ্য হয়ে উঠছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন