দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩

আপডেট : ৩০ মে ২০২৬, ০২:৩৩ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে শনিবার (৩০ মে) সকাল থেকে বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

আজ ভোর থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে দুইজনকে বাবা ও ছেলে হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— জুহাইর আহমদ হাশিম এবং তাঁর ছেলে আলী। শনিবার ভোরে টায়ার শহরের উত্তরে অবস্থিত আনসার শহরের আল-মারজ এলাকায় তাঁদের নিজেদের বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই ওই বাবা-ছেলে নিহত হন এবং তাঁদের পরিবারের আরও ৭ সদস্য গুরুতর আহত হন।

লেবাননের এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আজ সকালে শরিফা-হাব্বুশ-নাবাতিহ সড়কেও একটি বিমান হামলা চালিয়েছে। এতে এক বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া, নাবাতিহ শহরের ‘নাবিহ বেরি সরকারি হাসপাতাল’ অভিমুখী সড়কেও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল আনুমানিক ৮:১৫ মিনিটে আনসার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘আল-খলিল শপিং সেন্টার’ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে পুরো শপিং সেন্টারটি ধ্বংস হয়ে যায়। এর ঠিক কিছু সময় পর, সকাল ৯:৩০ মিনিটে জাবাদিনি শহরেও দফায় দফায় সিরিজ বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো।

কূটনৈতিক আলোচনার ডামাডোলের মধ্যেই বেসামরিক এলাকা এবং হাসপাতালের রাস্তায় ইসরায়েলের এই অব্যাহত হামলা লেবাননজুড়ে চরম মানবিক বিপর্যয় তৈরি করছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন