হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর আলোচনা ও সাম্প্রতিক সমঝোতার ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, লেবাননের নাবাতিয়েহ এলাকার কাছে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত গ্রামেও নতুন করে হামলা চালানো হয়েছে।
এই সমঝোতার পরও সীমান্ত এলাকায় সংঘর্ষ পুরোপুরি না থামায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার দুই নেতার মধ্যে ফোনালাপে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় নেতানিয়াহুর সমালোচনা করেন।
ট্রাম্পের অভিযোগ, বৈরুতে হামলার এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। অবশ্য এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের কারণেই শেষ পর্যন্ত বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছে ইসরায়েল।
পরস্পর হামলা বন্ধে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ