বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:২৫ এএম

সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। 

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার (৯ জুন) বিনিয়োগকারীদের শেয়ার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রির হিড়িক (সেল-অফ) চলছে।

পাশাপাশি চলতি বছর মার্কিন ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনায় চাপের মুখে পড়েছে স্বর্ণ।

নিউ ইয়র্ক সময় অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের (হাজির বাজার) দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৯৮.৭৫ ডলারে নেমে আসে, যা দিনের শুরুর দিকে ১ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। 
একই সাথে মার্কিন গোল্ড ফিউচার্সের (আগস্ট ডেলিভারি) দামও ০.৯ শতাংশ হ্রাস পেয়ে আউন্স প্রতি ৪,৩২৩.৯০ ডলারে দাঁড়ায়। 

বাজার বিশ্লেষক সংস্থা আরজেও ফিউচার্সের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন জানান, মূল্যস্ফীতির রিপোর্টের আগে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে এবং পুরো বাজারজুড়ে ‘রিস্ক-অফ’ বা ঝুঁকি এড়ানোর প্রবণতা চাঙ্গা হওয়ায় স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে। 

তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে সুদের হারের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না আসা পর্যন্ত স্বর্ণ ও রূপার বাজার এমন চাপের মধ্যেই থাকবে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর এখন বিনিয়োগকারীদের সব নজর চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনের দিকে। 

বিশেষ করে বুধবারের (১০ জুন) কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্যসূচক এবং বৃহস্পতিবারের (১১ জুন) প্রোডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বা পাইকারি মূল্যসূচকের ডেটা থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সূত্র: রয়টার্স। 

HN
আরও পড়ুন