লাঠির আঘাতে জখম ছাগলছানা, ক্ষোভে থানায় বৃদ্ধা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর লাঠির আঘাতে একটি ছাগলছানা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বৃদ্ধা।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগটি দায়ের করেন ছাগলটির মালিক ষাটোর্ধ্ব  নারী মোছা. নবিরণ নেছা। অভিযোগে তিনি মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেছেন। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে তার একটি ছাগলছানা অসাবধানতাবশত প্রতিবেশী জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়| এ সময় জসিম (৬০) ছাগলছানাটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করেন। এতে প্রাণীটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।


ঘটনার খবর পেয়ে নবিরন নেছা ঘটনাস্থলে গিয়ে ছাগলছানাটি আহত অবস্থা দেখতে পান। এ সময় তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলে অভিযোগ করেন ওই নারী।  তার চিৎকারে স্থানীয় যুবক সাব্বিরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের উপস্থিতিতে মারধরের ঘটনা না ঘটলেও অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। যেকোনো সময় তাদের ক্ষতির আশঙ্কা করছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

MCH/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত