এআই ভিত্তিক নাগরিক সেবা দিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:১২ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নাগরিক সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে সরকার। দেশের উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রে এআইকে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, এআই ব্যবহার করে স্মার্ট সিটি গড়ে তোলা, নাগরিক সেবাকে আরও জনবান্ধব করা এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার নতুন কর্মকৌশল গ্রহণ করেছে। তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআইভিত্তিক উদ্যোক্তা তৈরিকে উৎসাহিত করা হবে। পাশাপাশি সরকারি পরিকল্পনা প্রণয়ন ও সেবা প্রদানে এআই-চালিত ডেটা সেন্টার ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করা হবে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে নাগরিক সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

অর্থমন্ত্রীর মতে, এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবননির্ভর, প্রযুক্তিসমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্টআপ তহবিল’ গঠনের প্রস্তাব করা হয়েছে। এই তহবিলের অর্থ নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা গড়ে তোলার কাজে ব্যবহার করা হবে।

AM/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত