আজ থেকে কার্যকর হচ্ছে নতুন বাজেট

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম

জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট কার্যকর হচ্ছে। চলতি অর্থবছরের বাজেট নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। তিন সপ্তাহের আলোচনা, সমালোচনা এবং সংসদ সদস্যদের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে একাধিক সংশোধনী যুক্ত করে মঙ্গলবার বাজেট অনুমোদন দেয় সংসদ।

ফলে বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের প্রথম বাজেট। 

এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। বাজেট পাসের আগে তিনি জানান, সংসদ সদস্যদের মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে করনীতি, শুল্ক ও ব্যবসাবান্ধব কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

পাস হওয়া অর্থবিলে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ জমার বাধ্যবাধকতা থেকে সরে এসেছে সরকার। এছাড়া আবাসন খাতে বিনা প্রশ্নে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল এবং ক্ষুদ্র মুদি দোকানকে প্যাকেজ ভ্যাটের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বাজেটের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ।

এছাড়া মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই বাজেটের বিভিন্ন কর, শুল্ক ও আর্থিক নীতিমালা কার্যকর হওয়ায় এর প্রভাব ধীরে ধীরে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হবে।

SN
আরও পড়ুন