বিশ্বকাপ থেকে বাদ পড়া সেই রেফারিকে বড় দায়িত্ব দিলো উয়েফা

আপডেট : ১২ জুন ২০২৬, ১০:০৫ এএম

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসাজশের অজুহাতে সোমালিয়ান রেফারি ওমর আর্তানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন থেকে বঞ্চিত হন তিনি। তবে এই দুঃখ কিছুটা হলেও লাঘবের চেষ্টা করলো ফিফার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান উয়েফা।

ইউরোপিয়ান সুপার কাপে পিএসজি বনাম এস্টন ভিলার মধ্যকার ম্যাচের রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে আরতানকে।

আগামী ১২ অগাস্ট সালসবুর্কে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি ও ইউরোপা লিগা চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। মূলত চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপের ম্যাচ।

ইউরোপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার জানিয়েছে, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সঙ্গে আলোচনার পর সুপার কাপের জন্য আর্তানের নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের মূল মঞ্চে দায়িত্ব পালনের খুব কাছে ছিলেন ৩৪ বছর বয়সী আর্তান। কিন্তু ‘বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও’ তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গত সপ্তাহান্তে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

পরে উত্তর আমেরিকা বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা থেকেও আর্তানের নাম ছেঁটে ফেলা হয়। হতাশা নিয়ে বুধবার দেশে ফিরে যান ২০২৫ সালের কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) বর্ষসেরা রেফারি।

স্বপ্ন পূরণের খুব কাছ থেকে ফেরত আসা আর্তানকে বীরের মতো সংবর্ধনা দেয় সোমালিয়ার মানুষ। হাজার হাজার উল্লসিত সমর্থক, যাদের কয়েকজনের হাতে পতাকা ও আর্তানের ছবি ছিল, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি স্টেডিয়ামে জড়ো হয়, যেখানে একটি ম্যাচে আর্তান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্তানকে কাঁধে তুলে নেন কয়েকজন। হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন তিনি। ‘আর্তান’, ‘আর্তান’ বলে চিৎকার করতে থাকেন দর্শকরা।

উল্লেখ্য, ২০১৮ সালে ফিফা রেফারির স্বীকৃতি পাওয়া আরতান এর আগে আফ্রিকা কাপ অব নেশন্সসহ বিভিন্ন বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন। এবার সবকিছু ঠিক থাকলে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচেও বাঁশি বাজাতে দেখা যাবে তাকে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত