চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:১৪ এএম

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো আর নেই। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার (১১ জুন) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

১৯৬৪ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় ব্রিতোর। ১৯৬৬ সালের বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নামলেও আন্তর্জাতিক অঙ্গনে প্রকৃত পরিচিতি পান ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে। কোচ মারিও জাগালোর নেতৃত্বে ‘দ্য বিউটিফুল টিম’ খ্যাত ব্রাজিল দলের হয়ে শিরোপা জয়ের পথে প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট খেলেছিলেন তিনি। রক্ষণভাগে তার দৃঢ় উপস্থিতি দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পেলে, জাইরজিনহো, তোস্তাঁও ও কার্লোস আলবার্তোদের নিয়ে গড়া ইতিহাসের অন্যতম সেরা সেই দলের সদস্য ছিলেন ব্রিতো। তার মৃত্যুতে ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের প্রয়াত সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। এর আগে এভারালদো, ফন্টানা, ফেলিক্স, জোয়েল কামার্গো, কার্লোস আলবার্তো এবং ফুটবল সম্রাট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

ব্রিতোর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলাঙ্গনে। ব্রাজিলের স্বর্ণালী যুগের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার তার দৃঢ় রক্ষণ, নেতৃত্বগুণ এবং বিশ্বকাপজয়ী অবদানের জন্য ফুটবলপ্রেমীদের স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবেন।

YA
আরও পড়ুন