পদত্যাগ করলেন আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিন

আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:৫২ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া ৬ শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন নিজ দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তার স্থলে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দেশের সঙ্গে গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) কনসালট্যান্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। করপোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।'

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা গত ২৫ বছরেরও অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন অধ্যাপক জামালুন্নেসা।

YA
আরও পড়ুন