সিরাজদিখানে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস পুকুরে, নারীসহ নিহত ১ আহত ১০

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:০১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান-মুন্সীগঞ্জ সড়কের কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জের বজ্রযোগিনী এলাকা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুবাইপ্রবাসী মোহাম্মদ লিটনের স্ত্রী মমতাজ বেগম পানিতে ডুবে মারা যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রোবাসের যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাইক্রোবাসের ১০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ওই নারী নিখোঁজ ছিলেন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে যোগ দেন এবং পরে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। মাইক্রোবাসে থাকা ১১ যাত্রীর মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

MCH
আরও পড়ুন