বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। শুক্রবার সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এ চিত্র দেখা যায়। তালিকা অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক ছিল ৪৫৮।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৪৪। ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
আইকিউএয়ার তাৎক্ষণিকভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে এবং সেই তথ্যের ভিত্তিতে দূষণের মাত্রা অনুযায়ী শহরগুলোর তালিকা প্রকাশ করে।
নির্বাচনে হারের পেছনে কারণ 'জ্বালানির দাম': মার্কিন পররাষ্ট্রমন্ত্রী