দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে এই এলএনজি আমদানি করা হবে, যাতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকা।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণে সম্পূর্ণ আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে এই এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪-১৫ জুলাই ২০২৬ সময়ের মধ্যে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ৩১তম এলএনজি কার্গোটি আমদানি করা হবে। এরপর ২০-২১ জুলাই ২০২৬ সময়ের মধ্যে গুনভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করা হবে ৩৩তম কার্গোটি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেয়।
জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শিল্প ও আবাসিক খাতে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে।
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
তীব্র তাবদাহে আইফেল টাওয়ার–ল্যুভরের সময়সূচিতে কাটছাঁট