ফটিকছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

দীর্ঘ এক বছরেরও বেশি বিরতির পর আগামী ২৮ জুন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কর্মসূচিটি সফল করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ৪৮০টি নির্ধারিত কেন্দ্র এবং বেশ কয়েকটি ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, পরিবার পরিকল্পনা কর্মী, স্বেচ্ছাসেবক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর দায়িত্বে থাকবেন।

​ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। অধিকাংশ ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতিমধ্যেই উপজেলায় পৌঁছেছে, বাকি সরঞ্জামও নির্ধারিত সময়ের মধ্যে হাতে পাওয়া যাবে। ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অপুষ্টি প্রতিরোধে সহায়তা করে এবং রাতকানা ও অন্ধত্বের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, কোনো শিশুকে এ কর্মসূচির বাইরে রাখা উচিত নয়। তিনি অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করার আহ্বান জানান।

​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) সূত্রে জানা গেছে, এবারের জাতীয় ক্যাম্পেইনের আওতায় সারা দেশে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত