সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:২১ পিএম

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।  

বুধবার (২৪ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার সমালোচনা করেন। এই সমালোচনা করতে গিয়ে তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, ‘আল্লাহ বলেছেন ‘আমি শ্রেষ্ঠ কৌশলী আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়।’

তার এই বক্তব্য শেষ হওয়ার পরপরই সংসদে উত্তেজনার সৃষ্টি হয়। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, সংসদে কোরআনের এই আয়াতটির ভুল ব্যাখ্যা দিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। কোরআন-হাদিসের বিষয়ে রাসুল (সা.)-এর কঠোর সতর্কবাণী রয়েছে উল্লেখ করে তিনি সংসদে যেন এ ধরনের ভুল ব্যাখ্যা না হয়, সেদিকে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে স্পিকার জানান, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ একজন পুরনো সংসদ সদস্য এবং তিনি কোরআন-হাদিস নিয়ে বিদ্রূপ করার মতো মানুষ নন। তবে বক্তব্যটি পরীক্ষা-নিরীক্ষা করে যদি ভুল ব্যাখ্যা পাওয়া যায়, তবে তা এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করা হবে। স্পিকার আরও মনে করিয়ে দেন যে, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় এখানে কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

পরবর্তীতে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সালাউদ্দিন আহমেদ সংসদ সদস্য মাহফুজুল্লাহর পক্ষে সাফাই গান। তিনি বলেন, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মাওলানা এবং মাদ্রাসার ছাত্র হওয়ায় তিনি অন্তত ইসলামের অবমাননা করবেন না। তিনি মূলত আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের প্রসঙ্গে কথাটি বলেছেন। কোনো সংসদ সদস্য ইসলামের অবমাননা করলে সরকার অবশ্যই নিন্দা জানাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দেওয়া ঠিক নয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র আপত্তি জানান বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট আড়াল করে বিষয়টিকে সম্পূর্ণ দলীয় রূপ দেওয়ার চেষ্টা করছেন। মুজিবরের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে বিরোধী দল যদি বাজেটের প্রশংসা না করে তবে তাদের ওপর আল্লাহর আজাব আসবে। এ ধরনের রাজনৈতিক ব্যাখ্যা সঠিক নয় দাবি করে তিনি কোনো আলেম বা বিশেষজ্ঞের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার জন্য স্পিকারের কাছে জোরালো দাবি জানান।

সংসদে দফায় দফায় বিরোধী দলের সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র সদস্যদের এই বাকবিতণ্ডায় উত্তেজনা বাড়তে থাকলে স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে অনেক আলেম ও মাদ্রাসাশিক্ষিত সদস্য রয়েছেন, তাই ধর্মীয় বিষয় নিয়ে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করে সংযত আচরণ করা প্রয়োজন। সবশেষে পরিস্থিতির অবসান ঘটাতে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বক্তব্য রাখেন। তিনি বলেন, সবাই যেহেতু আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসী এবং মাহফুজুল্লাহ সাহেব একজন আলেম, তাই তিনি কোনো ব্যঙ্গাত্মক বা পরিহাসের উদ্দেশ্যে এই কথা বলেননি। একপর্যায়ে স্পিকার বিতর্কিত বক্তব্যটি পর্যালোচনার আশ্বাস দিলে সংসদের পরিস্থিতি স্বাভাবিক হয়।

Attr/AHA
আরও পড়ুন