ভিনি-কুনিয়ার গোলে নকআউটে ব্রাজিল

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:৪৯ এএম

ব্রাজিল ৩ : ০ স্কটল্যান্ড (ফুলটাইম)

স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে মায়ামিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ে গ্রুপ ‘সি’-তে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।

ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়ুস জুনিয়র। পরে হেডে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। 

ব্রাজিলের তৃতীয় গোলটি আসে মাতেউস কুনিয়ার কাছ থেকে। এই গোলে দারুণ অবদান ছিল ব্রুনো গিমারাইসের। এদিন দ্বিতীয়ার্ধে গালারি মাতিয়ে মাঠে নামেন নেইমার। যতক্ষণ মাঠে ছিলেন, দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিতে দেখা গেছে তাঁকে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোর পথে এখন গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমান হিসাব অনুযায়ী সেই দল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জাপনের। 

অন্যদিকে দুইবার পিছিয়ে পড়া শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মরক্কোকে হারিয়েছে ৪–২ গোলে। আফ্রিকান দেশটি শেষ ৩২– এ খেলবে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দলের বিপক্ষে, যেখানে সবচেয়ে এগিয়ে আছে নেদারল্যান্ডস।

তবে স্কটল্যান্ডের নকআউট পর্বে ওঠার আশা এখনো শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

অবশেষে ব্রাজিলের জার্সিতে নেইমার 

 

অপেক্ষার অবসান। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। 

চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবার ফুটবল মাঠে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে।

বিরতির পর কুনিয়ার গোলে ৩-০ তে এগিয়ে ব্রাজিল

 

দুর্দান্ত খেলতে থাকা ব্রাজিল ম্যাচের ৬০ মিনিটে করল ম্যাচের তৃতীয় গোল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গিমারাইসের দ্বিতীয় অ্যাসিস্টে এই গোলটি করেন মাতেউস কুনিয়া। এটি চলতি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল।

ভিনির জোড়া গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল

গোল! ভিনিসিয়ুস ২–০ স্কটল্যান্ড

 

প্রথমার্ধে যোগ করা সময়ে (৪৫‍+৩) ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল ভিনিসিয়ুসের। গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একটু নেচে নিলেন ভিনি। গ্যালারিতে নাচছেন ব্রাজিলের সমর্থকরাও।

শুরুতেই ভিনিসিয়ুসের গোল 

ম্যাচের ৮ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার করাই ছিল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কিন্তু ম্যাকেনার প্রথম ছোঁয়াটাই ছিল নড়বড়ে। সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস।

এরপর আর ভুল করেননি ব্রাজিল তারকা। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনিএটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল।

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে এখন মায়ামিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল–স্কটল্যান্ড। কার্লো আনচেলত্তির ব্রাজিলের পরের পর্বে ওঠা প্রায় নিশ্চিত। 

অন্যদিকে হারলেও ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সুযোগ থাকতে পারে স্কটল্যান্ডের।

গ্রুপ ‘সি’-র বাকি দুই দলের মধ্যে হাইতি এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আর চার পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে মরক্কো, যাদের পয়েন্টও ব্রাজিলের সমান ৪।

স্কটল্যান্ড একাদশ

গান, প্যাটারসন, হেনড্রি, ম্যাককেনা, রবার্টসন, ফার্গুসন, ম্যাকলিন, ম্যাকটমিনে, ম্যাকগিন, গ্যানন-ডোক, অ্যাডামস।

ব্রাজিলের একাদশ 

আলিসন, দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

 

HN
আরও পড়ুন