দক্ষ জনশক্তি গঠনে সুইস সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানে দক্ষ করে গড়ে তুলতে সুইজারল্যান্ড দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

রোববার (২৮ জুন)  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে উভয়পক্ষ শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি গঠন এবং অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

বৈঠকে মন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশি কর্মীদের ক্ষতিগ্রস্ত হওয়া এবং দেশে ফিরে আসার বিষয়টি তুলে ধরেন। তিনি প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের সম্ভাবনা কাজে লাগাতে সুইস সহায়তা চান এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশ-সুইজারল্যান্ডের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রত্যাবর্তনকারী কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনে গুরুত্ব দেন। তিনি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনার প্রশংসা করে বলেন, অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক শ্রমবাজার—দুই ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বাংলাদেশের জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সুইজারল্যান্ড তাদের অভিজ্ঞতা দিয়ে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইস মাইগ্রেশন অ্যান্ড প্রটেকশনের আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙ্গার, আঞ্চলিক প্রোগ্রাম ব্যবস্থাপক নাজিয়া হায়দারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Attr/AHA
আরও পড়ুন