আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের সেনা ও পুলিশের এক যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ২৯ জন সদস্য নিহত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধ প্রদেশে আফগান সন্ত্রাসীদের ধারাবাহিক হামলার জবাব দিতেই এই জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারিভাবে ‘ফিৎনা আল খারিজি’ নামে পরিচিত এই টিটিপি সদস্যরা সীমান্ত এলাকায় সক্রিয় ছিল।
পাক সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে, এর আগের দিন শনিবার রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় রেঞ্জার্সের তিন কর্মকর্তা নিহত হন। ঘটনার পরপরই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে রেঞ্জার্স সদস্যরা, যাতে তিন সন্ত্রাসী নিহত এবং একজন আহত অবস্থায় গ্রেপ্তার হয়।
আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তারকৃত ওই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে তারা টিটিপিরই একটি উপদল ‘জামাতুল আখবার’-এর সদস্য। করাচি হামলার পরেই রোববার রাতে আফগান সীমান্তে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ১ হাজার মানুষের মৃত্যু