চট্টগ্রাম বন্দর এলাকায় গভীর রাতে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথর বোঝাই ‘এমভি বে হারবার-২’ নামের একটি লাইটার জাহাজ নদীগর্ভে তলিয়ে গেছে। তবে সৌভাগ্যবশত জাহাজে থাকা ১২ জন ক্রু ও স্টাফের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ‘এমভি বে হারবার-২’ জাহাজটির সাথে অপর একটি লাইটার জাহাজের মুখোমুখি ধাক্কা লাগে। এতে পাথরবাহী জাহাজটি দ্রুত পানিতে ডুবে যায়।
১২ জনকে জীবিত উদ্ধার:
জাহাজটি ডুবতে শুরু করলে এর ভেতরে থাকা ১২ জন কর্মী নদীতে ছিটকে পড়েন। খবর পেয়ে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে নদী থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করে। অন্যদিকে, তীব্র স্রোতে বাকি ৪ জন কর্মী ভেসে পতেঙ্গার পারকি বিচ এলাকায় চলে যান। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পেয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাছির উদ্দিন জানান, ডুবে যাওয়া লাইটার জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘বে হারবার লিমিটেড’।
তিনি আরও নিশ্চিত করেন যে, জাহাজটি কর্ণফুলী চ্যানেলের বয়া এলাকায় ডুবে গেলেও এর ফলে মূল বন্দর চ্যানেলে অন্যান্য বড় ও ছোট জাহাজ চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি; নৌ-রুট সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
চাকরি হারালেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক
কালীগঞ্জে ১৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ