সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে নবম জাতীয় বেতনকাঠামো। সরকারের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর হতে যাচ্ছে। তবে ভাতাসংক্রান্ত সুবিধাগুলো পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরের শুরুতে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ ১১ বছর পর নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপ অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য আলাদা তিনটি পে কমিশনের সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। সব পক্ষের জন্য একটি সমন্বিত রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে, যা চলতি সপ্তাহেই অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সেখান থেকে ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করবে অর্থ বিভাগ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ও হিসাবরক্ষণ জটিলতা এড়াতে এবার পুরো প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে একযোগে শতভাগ মূল বেতন কার্যকর হবে। বর্তমানের ২০টি গ্রেডের মধ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের প্রায় ১০০ শতাংশ এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে। সামগ্রিকভাবে মূল বেতনে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বড় ধরনের বৃদ্ধির আভাস রয়েছে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বেতনকাঠামো চালুর ঘোষণা দিয়েছিলেন। এই উদ্দেশ্যে বাজেটে প্রাথমিক প্রস্তুতি হিসেবে প্রায় ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মূলত সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় হবে। সবশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল দুই ধাপে কার্যকর করা হয়েছিল। বর্তমানে ১৪ লাখ চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, যা নতুন পে-স্কেল কার্যকর হলে উল্লেখযোগ্য হারে বাড়বে।
ব্যবসায়িক সেবায় 'বিন' বাধ্যতামূলক, বাড়ছে ভ্যাটের আওতা
আজ আসছে নতুন মুদ্রানীতি, কঠোর অবস্থানের ইঙ্গিত