সামনে নরওয়ে জুজু! ব্রাজিল কি এবারও হারবে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের সামনে এবার শুধু মাঠের প্রতিপক্ষ নয়, লড়তে হবে এক অস্বস্তিকর ইতিহাসের সঙ্গেও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার মুখোমুখি নরওয়ের, যাদের বিপক্ষে এখন পর্যন্ত একবারও জয়ের স্বাদ পায়নি সেলেসাওরা।

পরিসংখ্যান বলছে, দুই দলের চারটি সাক্ষাতে ব্রাজিল জয়হীন দুটি ড্র এবং দুটি নরওয়ের জয়। তাই মেটলাইফ স্টেডিয়ামের এই ম্যাচে ব্রাজিলের লক্ষ্য শুধু শেষ আটে ওঠা নয়, একই সঙ্গে বহুদিনের “নরওয়ে জুজু” কাটানোও।

দুই দলের প্রথম দেখা হয় ১৯৮৮ সালে এক প্রীতি ম্যাচে, যা ১–১ গোলে ড্র হয়। এরপর ১৯৯৭ সালে আরেক প্রীতি ম্যাচে ৪–২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখায় নরওয়ে। সবচেয়ে আলোচিত লড়াইটি হয় ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে গ্রুপ পর্বে ২–১ গোলে জয় পায় নরওয়ে যা আজও ব্রাজিলের জন্য এক অস্বস্তিকর স্মৃতি। পরে ২০০৬ সালের প্রীতি ম্যাচেও দুই দল ১–১ গোলে ড্র করে।

অতীতের এই পরিসংখ্যানই এখন বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের সামনে। তবে কার্লো আনচেলত্তির অধীনে বর্তমান দল নিয়ে আত্মবিশ্বাসী সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথিয়াস কুনহা এবং অভিজ্ঞদের নিয়ে গড়া আক্রমণভাগ যে কোনো প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতা রাখে। জাপানের বিপক্ষে সাম্প্রতিক জয় দলকে আরও আত্মবিশ্বাসী করেছে।

অন্যদিকে আর্লিং হালান্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা নরওয়ে দলও আছে দারুণ ছন্দে। আইভরি কোস্টের বিপক্ষে জয় এবং হালান্ডের জাতীয় দলের হয়ে ৬০ গোলের মাইলফলক সব মিলিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ইউরোপিয়ানদের। ইতিহাস বদলে প্রথমবারের মতো ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখছে তারা।

এখন প্রশ্ন একটাই ব্রাজিল কি পারবে অতীতের জুজু কাটিয়ে শেষ আটে জায়গা করে নিতে, নাকি আবারও নরওয়ের কাছে থমকে যাবে সেলেসাওদের পথ? ৫ জুলাইয়ের এই লড়াই তাই হয়ে উঠছে শুধু একটি ম্যাচ নয়, ইতিহাস বদলের এক বড় পরীক্ষা।

AM/SN
আরও পড়ুন