আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তান থেকে ছোড়া চারটি সাধারণ ধরনের ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তজুড়ে চলমান সংঘাতের মধ্যে এই ঘটনাকে দুই দেশের সম্পর্কের নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আফগান তালেবান বাহিনী বেলুচিস্তান সীমান্ত দিয়ে চারটি সাধারণ ধরনের ড্রোন পাঠায়। পাকিস্তানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করে। একই সঙ্গে ইসলামাবাদ সতর্ক করে বলেছে, এ ধরনের উসকানি অব্যাহত থাকলে তালেবানকে কঠোর জবাব দেওয়া হবে এবং এর মূল্য তাদের চড়া হতে পারে।
অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় আইএসআইএল (আইএস) সংশ্লিষ্ট যোদ্ধাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। যদিও হামলার ধরন বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, তালেবানের পূর্ণাঙ্গ বিমান বাহিনী বা যুদ্ধবিমান না থাকলেও তারা সীমান্ত এলাকায় ছোট ড্রোন ব্যবহার করে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। ফলে দুই দেশের সীমান্তে সংঘাতের ধরনও পরিবর্তিত হচ্ছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সীমান্তে সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান কয়েক দফা আফগান ভূখণ্ডে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তালেবানও সীমান্তে অভিযান চালায়। এসব সংঘাতে উভয় দেশের শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সম্প্রতি করাচিতে প্রাণঘাতী হামলার পর পাকিস্তান পূর্ব আফগানিস্তানে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি ছিল, সেখানে সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষের অভিযোগ, ওই হামলায় অন্তত ৩৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
দুই দেশের চলমান উত্তেজনার মূল কারণ হিসেবে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান তালেবান সরকার পাকিস্তান তালেবান (টিটিপি) সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরে ধারাবাহিক হামলার জন্য ইসলামাবাদ টিটিপিকে দায়ী করে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, পাকিস্তানও আফগানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করছে না। এসব অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই দুই প্রতিবেশী দেশের সীমান্ত পরিস্থিতি ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে উঠছে।
সূত্র: আলজাজিরা
নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ
ভারতের পশ্চিমবঙ্গে কারখানায় আগুন, আহত ২০
গাজায় ধাপে ধাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল