নিকারের অনুমোদন পেলো ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
 
বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
 
এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসনিক দাবির বাস্তবায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল ফটিকছড়ি। নতুন উপজেলা গঠনের ফলে উত্তরাঞ্চলের জনগণের জন্য প্রশাসনিক সেবা, উন্নয়ন কার্যক্রম এবং সরকারি সুযোগ-সুবিধা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। 
নিকারের বৈঠকে শুধু ফটিকছড়ি উত্তরই নয়, কুমিল্লার মুরাদনগর উপজেলার অংশ নিয়ে বাঙ্গরা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার অংশ নিয়ে আরেকটি নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত রে ‘হালদা’ নামে একটি নতুন থানারও অনুমোদন দেওয়া হয়েছে।
 
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহমুদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম সভায় ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
জানা গেছে, আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ উপজেলা ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা বিভক্তির দাবি ছিল। এ প্রেক্ষাপটে প্রি-নিকার সভায় প্রস্তাবটি প্রাথমিক অনুমোদন পাওয়ার পর বুধবার নিকারের চূড়ান্ত অনুমোদন মিলল।
তবে নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর ও অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর চূড়ান্ত প্রশাসনিক বিন্যাস নিয়ে স্থানীয় পর্যায়ে আগে থেকে আলোচনা ও মতভেদ ছিল।
 
নিকারের অনুমোদনের পর সরকার প্রজ্ঞাপন জারি এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
MCH/AHA
আরও পড়ুন