বিশ্বকাপ বিদায়ে ইকুয়েডর কোচ বেকাসেসের পদত্যাগ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ৩২ থেকেই বিদায় নেওয়ার পর ইকুয়েডর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় সহ-আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে পরাজয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত জানান আর্জেন্টাইন এই কোচ।

বেকাসেসে বলেন, বিশ্বকাপ পর্যন্তই ছিল তার চুক্তির মেয়াদ। ইকুয়েডরের ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার যে লক্ষ্য নিয়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন, সেটি পূরণ করতে না পারায় বিদায় নেওয়াই তার কাছে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হয়েছে।

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৪৫ বছর বয়সি এই কোচ। তিনি বলেন, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল ফেডারেশনের কাছ থেকে সবসময় পূর্ণ সমর্থন পেয়েছেন। এই দলটির সঙ্গে আরও দীর্ঘ সময় কাজ করার ইচ্ছা থাকলেও বিশ্বকাপে প্রত্যাশিত ফল না আসায় দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে বেকাসেসে বলেন, স্বাগতিক সমর্থকদের প্রবল সমর্থনের মধ্যে শুরু থেকেই চাপে পড়ে যায় তার দল। প্রথমার্ধে প্রতিপক্ষের গতি ও আক্রমণের সঙ্গে তাল মেলাতে পারেনি ইকুয়েডর। বিরতির পর খেলায় ফেরার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

তিনি বলেন, প্রথমার্ধে দল পুরোপুরি পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে এলেও ম্যাচে ফেরার জন্য প্রয়োজনীয় গোলটি করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

তবে বিশ্বকাপ মিশন ব্যর্থ হলেও নিজের সময়টিকে পুরোপুরি ব্যর্থ বলতে নারাজ বেকাসেসে। তার বিশ্বাস, তরুণদের নিয়ে ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় দল গড়ে তোলাই ছিল তার দায়িত্বকালের সবচেয়ে বড় সাফল্য।

বিদায়ী বার্তায় তিনি বলেন, এই দলের সবচেয়ে বড় সম্পদ খেলোয়াড়রাই। ইকুয়েডরের ইতিহাসে অন্যতম তরুণ একটি দল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো আক্ষেপ নেই, বরং খেলোয়াড় ও সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আস্থার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Attr/AHA
আরও পড়ুন