মেক্সিকো সিটিতে বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের ঐতিহাসিক জয়ের পর আনন্দ-উল্লাসে নেমে আসে লাখো মানুষ। তবে উৎসবের সেই আবহ শেষ পর্যন্ত রূপ নেয় শোকে। রাজধানীতে বিজয় উদ্যাপনের সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে শ্বাসরোধে ১৯ বছর বয়সী এক তরুণীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, নিহত অন্য দুজন হলেন ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ। বিজয় উদ্যাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল জনসমাগমের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন। জরুরি সেবাকর্মীরা পাসেও দে লা রিফর্মা এলাকার পৃথক স্থান থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রদান করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনেরই মৃত্যুর কারণ শ্বাসরোধ এবং তাদের পরিচয় পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
মেক্সিকো সিটি সরকার জানিয়েছে, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ার আনন্দে রাজধানীর রাস্তায় ১০ লাখের বেশি মানুষ নেমে আসেন। সবচেয়ে বেশি ভিড় হয় শহরের কেন্দ্রস্থলের অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে।
ঘটনার পর মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সমর্থকদের দায়িত্বশীল, সতর্ক ও সহমর্মিতার সঙ্গে বিজয় উদ্যাপনের আহ্বান জানান।
ম্যাচে জয়ের পর রাজধানীর বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত আতশবাজি ফোটানো হয় এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এর আগে বিপুল জনসমাগমের আশঙ্কায় অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স এলাকায় না গিয়ে অন্যত্র খেলা দেখার জন্য সমর্থকদের পরামর্শ দিয়েছিলেন মেয়র ব্রুগাদা।
মেক্সিকোর এই জয়ে দলটি বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। পরবর্তী পর্বে ইংল্যান্ড ডিআর কঙ্গোকে হারাতে পারলে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি
আর্জেন্টিনাকে রুখতে কেপ ভার্দের বিশেষ কৌশল
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে মেক্সিকো