বিশ্বকাপের শেষ ১৬ থেকেই তিন স্বাগতিকের বিদায়

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের 'রাউন্ড অব সিক্সটিন' থেকেই বিদায় নিয়েছে তিন স্বাগতিক দেশ। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করলেও মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র তিন দলের কেউই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি।

টুর্নামেন্টের সহ-আয়োজক কানাডাই সবার আগে বিদায় নেয়। শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।

এরপর নিজ মাঠের সমর্থকদের হতাশ করে মেক্সিকো। ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় এল ত্রি। পুরো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি তারা।

সবশেষে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। নিজেদের দর্শকদের সামনে খেলেও বেলজিয়ামের বিপক্ষে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মার্কিনরা। ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে স্বাগতিকদের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।

সাধারণত বিশ্বকাপের স্বাগতিক দেশগুলো ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অন্তত শেষ আটে জায়গা করে নেওয়ার প্রত্যাশা জাগায়। কিন্তু ২০২৬ আসরে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তিন স্বাগতিকের যাত্রাই থেমে গেছে শেষ ষোলতে।

২০২৬ বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসর, যেখানে ৪৮টি দল অংশ নিয়েছে এবং তিনটি দেশ যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে। নতুন এই ফরম্যাটে স্বাগতিকদের কাছ থেকে বড় সাফল্যের আশা থাকলেও শেষ পর্যন্ত তারা নকআউট পর্বের প্রথম ধাপই পেরোতে পারেনি।

AM/YA
আরও পড়ুন