মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়েত মোল্লাকে নিয়ে সংবাদ প্রকাশের পর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। একই সঙ্গে সংবাদটি দেখে তার খোঁজ পান স্বজনরা এবং তাঁকে বাড়ীতে ফিরিয়ে নিয়ে যান ।
জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্লাকে কয়েক দিন ধরে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায় অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বয়সের ভার, অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছিলেন না। পথচারীরা খাবার ও পানি দিলেও তার পরিচয় জানা যাচ্ছিল না।
পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বুধবার (১ জুলাই) আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন) বৃদ্ধের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
সংবাদটি দেখে বৃদ্ধের স্বজনরাও সন্ধানপান এবং মাদারীপুর সদর হাসপাতালে এসে পরিচয় নিশ্চিত করেন যে, বৃদ্ধ হেমায়েত মোল্লা খুলনা জেলার সোয়াডাঙ্গা উপজেলার বানরগাতি আল-আমিন কান্দির বাসিন্দা।
পরবর্তীতে হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে এবং জেলা প্রবেশন কর্মকর্তা বি এম আসাদুজ্জামানের উপস্থিতিতে বৃদ্ধ হেমায়েত কে তার ছেলে তারেক হোসেন মোল্লা, ফারুক মোল্লা এবং নাতি মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই বৃদ্ধের স্বজনরা তার সন্ধান পান এবং হাসপাতালে এসে তাকে নিয়ে যান। আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন) বৃদ্ধের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
মাদারীপুর জেলা প্রবেশন কর্মকর্তা বি এম আসাদুজ্জামান বলেন, সংবাদটি প্রকাশের পর আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন) যেভাবে অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ।
বৃদ্ধের ছেলে তারেক হোসেন মোল্লা বলেন, ‘আমার বাবার পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা দেওয়ায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের (এবিজি ফাউন্ডেশন) প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি সংবাদটি প্রকাশ করে বাবাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে সহায়তা করায় সাংবাদিকদের ধন্যবাদ।
বাঙ্গরা উপজেলা ঘোষণা: মানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী
গাজীপুরে ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার
কাফনের কাপড়ের সাথে চিরকুট পাঠিয়ে হুমকী