ইরানি কবি পেইমান ফারাহাভারের মৃত্যুদণ্ড কার্যকর না করতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের শত শত কবি ও বিশিষ্ট সাহিত্যিক। সশস্ত্র বিদ্রোহ ও ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার অভিযোগে তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখে তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
ফারাহাভারের জীবন রক্ষায় আন্তর্জাতিক প্রচারণায় যুক্ত হয়ে লেখক ও কবিরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের কোথাও শব্দ ও কবিতার জন্য ফাঁসির সাজা হওয়া উচিত নয়।’ তাঁরা তাঁর মুক্তি ও মৃত্যুদণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই প্রচারণায় সমর্থন জানিয়েছেন গঁকুর পুরস্কারজয়ী লেইলা স্লিমানি ও মারি এনদায়ে, ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারজয়ী ডেভিড ডিওপ, মার্কিন কবি চার্লস বার্নস্টেইন এবং ফরাসি লেখক দানিয়েল পেনাক।
এ ছাড়া ইরানের কবি ও লেখকদের মধ্যে হাফেজ মুসাভি, ফাতেমেহ এখতেসারি, ফাতেমেহ শামস, মেহদি মুসাভি ও জিবা কারবাসিও এ আবেদনে স্বাক্ষর করেছেন।
ইরানের লেখক সমিতি গত ১৫ নভেম্বর জানায়, ফারাহাভারের বিরুদ্ধে ‘বাগি’ (সশস্ত্র বিদ্রোহ) এবং ‘মোহরেবেহ’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ) অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়েছে।
একই দিন নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদি জানান, তাঁর মামলাটি মৃত্যুদণ্ড কার্যকরের দায়িত্বপ্রাপ্ত বিভাগে পাঠানো হয়েছে।
মানবাধিকারবিষয়ক সংবাদ সংস্থা এইচআরএএনএ গত ১১ নভেম্বর ফারাহাভারের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানায়, ৯ নভেম্বর টেলিফোনে স্বজনদের তিনি জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য মামলাটি পাঠানোর সরকারি নোটিশ পেয়েছেন।
২০২৫ সালের মে মাসে রাশতের বিপ্লবী আদালতের প্রথম শাখা ফারাহাভারকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের শেষ দিকে সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখেন। পরে ২০২৬ সালের এপ্রিলে তাঁর পুনর্বিচারের আবেদনও নাকচ করা হয়।
প্রচারাভিযানের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবাদী কবিতা লেখা, অনলাইনে কবিতা পাঠের ভিডিও প্রকাশ এবং রাস্তায় একক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে ২০২২ সালে ফারাহাভারকে গ্রেপ্তার করা হয়।
লেখকেরা অভিযোগ করেছেন, ‘তাঁর প্রাথমিক বিচার কার্যক্রমে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’
তাঁরা এই রায়কে ‘স্পষ্টতই অন্যায্য এবং স্বীকৃত মানবাধিকার মানদণ্ড ও ন্যায়বিচারের নীতির পরিপন্থী’ বলে বর্ণনা করেছেন।
বিবৃতিতে ইরানে মৃত্যুদণ্ডের বিস্তার নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে বিক্ষোভে অংশ নেওয়া এবং মতপ্রকাশের স্বাধীনতা চর্চার কারণে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন লেখকেরা।
বিবৃতিতে স্বাক্ষরকারী কবিরা বলেন, ‘স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বার্থে আমরা ইরানের জনগণ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি—নিজেদের হাতে থাকা সব উপায় ব্যবহার করে ইসলামি প্রজাতন্ত্রের কর্তৃপক্ষকে পেইমান ফারাহাভারের মৃত্যুদণ্ড অবিলম্বে বন্ধ করতে বাধ্য করুন।’
ইরানের লেখক সমিতি আরও জানিয়েছে, দেশটিতে অন্তত ২০ জন লেখক ও কবি কারাভোগ করছেন অথবা দীর্ঘদিন ধরে আটক রয়েছেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগও আনা হয়েছে।
শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার অবসান দাবি করেছে আন্তর্জাতিক প্রচারণাটি। লেখকদের মতে, ফারাহাভারের ঘটনা ইরানে লেখক ও ভিন্নমতাবলম্বীদের প্রতি আচরণ নিয়ে বৃহত্তর উদ্বেগের প্রতিফলন।
আঞ্চলিক দেশগুলোর ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ নিয়ে ইরানের কঠোর বার্তা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ ও তার স্ত্রীর ১০ বছর কারাদণ্ড
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি’: ট্রাম্প