ইসরায়েলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে আছে গোটা বিশ্ব, ঠিক তখনই গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিহত হন।

ক্যারিয়ারে খাদামাত খান ইউনিসের পাশাপাশি আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের জার্সিতেও খেলেছেন আল-আশকার। স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি ছিলেন পরিচিত ও জনপ্রিয় এক মুখ।

ব্যক্তিগত জীবনে সম্প্রতি নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। ফলে তার মৃত্যু পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

AM/SN
আরও পড়ুন