বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। তবে সেনেগালকে ৩-২ গোলে হারানোর এই ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এখন শেষ মুহূর্তের পেনাল্টির সিদ্ধান্ত। প্রশ্ন একটাই-সেনেগালের বিপক্ষে দেওয়া সেই পেনাল্টি কি আদৌ সঠিক ছিল?
বিতর্কিত ঘটনাটি ঘটে অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে। বক্সে আসা একটি নিচু ক্রস ক্লিয়ার করতে স্লাইড করেছিলেন সেনেগালের মিডফিল্ডার লামিন কামারা। তার সেই ট্যাকলের সময় বেলজিয়ামের ইউরি টিলেমান্সের বাঁ পায়ে সংস্পর্শ হয়েছিল কি না, সেটিই হয়ে ওঠে বিতর্কের কেন্দ্রবিন্দু।
প্রথমে মাঠের রেফারি সাইদ মার্তিনেজ খেলা চালিয়ে দেন। তবে বল মাঠের বাইরে যাওয়ার পর ভিএআর ঘটনাটি পর্যালোচনা করার পরামর্শ দেয়। ম্যাচ তখন ১২০ মিনিটে। মাঠের পাশের মনিটরে একাধিক রিপ্লে দেখে শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত দেন মার্তিনেজ।
রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সেনেগালের খেলোয়াড়েরা। তারা তীব্র প্রতিবাদ জানান। ঘটনাটি অনেকের মনে ফিরিয়ে আনে গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ফাইনালের বিতর্কিত পেনাল্টির স্মৃতি। সেবারও ম্যাচের শেষ দিকে এমন একটি সিদ্ধান্ত ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছিল।
সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বেলজিয়ামের দিয়েগো মোরেইরার সামান্য ধাক্কায় সেনেগালের মিডফিল্ডার পাথে সিস পেনাল্টি স্পটের ওপর শুয়ে পড়েন। সময়ক্ষেপণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফাউলের বাঁশি থেকে পেনাল্টি নেওয়া পর্যন্ত কেটে যায় সাত মিনিটেরও বেশি সময়।
শেষ পর্যন্ত স্পট কিক থেকে গোল করেন ইউরি টিলেমান্স। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম এবং উঠে যায় বিশ্বকাপের শেষ ষোলোতে।
তবে ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, সিদ্ধান্তটি সঠিক ছিল না। আর ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন বলেন, “পেনাল্টির সিদ্ধান্তটা একটু বেশিই কঠোর হয়েছে। রেফারি মনিটর দেখতে অনেক বেশি সময় নিয়েছেন। এমন সিদ্ধান্তে আরও দৃঢ়তা থাকা উচিত ছিল।”
সেনেগালের কোচ পাপে থিয়াওও সিদ্ধান্তের সমালোচনা করেন। ম্যাচ শেষে তিনি বলেন, “আমাদের মনে হয়েছে, ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না। খেলোয়াড়েরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে, সেটি তাদের অধিকার। শেষ পর্যন্ত ওই পেনাল্টির কারণেই আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি।”
ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়ে হতাশ থিয়াও বলেন, “ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু ফুটবল ৮৫ মিনিটের খেলা নয়। বেলজিয়াম দারুণভাবে ফিরে এসেছে, আর আমরা সেই চাপ সামাল দিতে পারিনি।”
মেসি-বালোগান বিতর্কে তোলপাড়
ইসরায়েলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার