নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের মিডফিল্ডার লুকাস পাকেতা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় রোববারের (৫ জুলাই) ম্যাচে খেলতে পারবেন না।
গতকাল বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)-এর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, পাকেতার এই চোটের কারণে চলতি টুর্নামেন্টে তার আর খেলার সম্ভাবনা খুবই কম। তবে ব্রাজিল যদি ফাইনালে পৌঁছায়, তাহলে তার ফেরার সম্ভাবনা থাকতে পারে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।
কাসেমিরো ও ব্রুনো গিমারেশের সঙ্গে ব্রাজিলের মাঝমাঠে নিয়মিত শুরুর একাদশে খেলছিলেন পাকেতা। সোমবার হিউস্টনে জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের নাটকীয় জয়ের ম্যাচে তিনি এই চোটে আক্রান্ত হন।
চোট পাওয়ার পর থেকে পাকেতার নিবিড় চিকিৎসা চলছে। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তির দলে তিনিই একমাত্র নিশ্চিত অনুপস্থিত খেলোয়াড়। এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে এরলিং হালান্ডের নরওয়ে।
পাকেতার পরিবর্তে আনচেলত্তি একই ধরনের মিডফিল্ডার হিসেবে দানিলো সান্তোসকে শুরুর একাদশে রাখতে পারেন। এছাড়া কৌশলগত পরিবর্তন এনে এন্দ্রিক বা গাব্রিয়েল মার্তিনেল্লির মতো আরও আক্রমণাত্মক কোনো খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঊরুর চোট পাওয়ার পর থেকে তিনি মূল দলের বাইরে রয়েছেন।
সিবিএফ সূত্রের তথ্য অনুযায়ী, রোববারের ম্যাচের আগে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত হবেন কি না।
অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে স্পেন
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ তে এগিয়ে স্পেন