রিফ্লেক্টিং পুল বিতর্কে ট্রাম্প প্রশাসনের কঠোর আইনি পদক্ষেপ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের ক্ষতির অভিযোগে সাবেক অলিম্পিক ক্যানোয়িস্ট ডেভিড হিয়ার্ন (৬৭)-এর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো জানান, একটি গ্র্যান্ড জুরি হিয়ার্নের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে ফেলনি অভিযোগপত্র অনুমোদন করেছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

পিরো বলেন, জাতীয় স্মৃতিস্তম্ভ ধ্বংসের ঘটনা তার দেখা সবচেয়ে আপত্তিকর দৃশ্যগুলোর একটি। তার ভাষায়, ‘নিয়ন্ত্রণহীন ভাঙচুর ও বিশৃঙ্খলা শেষ পর্যন্ত অপরাধমূলক আচরণে পরিণত হয়। এগুলো আমাদের যৌথ ইতিহাসের মর্যাদার ওপর আঘাত।’

অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিয়ার্ন ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ১৯ জুন তিনি সাইকেল চালিয়ে যাওয়ার সময় রিফ্লেক্টিং পুলের পাশে থেমেছিলেন। অন্য অনেক দর্শনার্থীর মতো তিনিও পুলটি দেখতে আগ্রহী ছিলেন। তিনি বলেন, পানিতে হাত দিয়ে শুধু পুলের আবরণ স্পর্শ করেছিলেন, কিন্তু কোনো অংশ খুলে বা সরিয়ে নেননি।

রিফ্লেক্টিং পুলটি সম্প্রতি ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিকে নতুনভাবে সাজানোর একটি বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ কাজ শুরু করে। এই প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই একটি প্রতিষ্ঠানকে ১ কোটি ৩১ লাখ ডলারের চুক্তি দেওয়া হয়। পুলটির গ্রানাইট অংশে নতুন সিলিং ও পুনঃপৃষ্ঠায়নের কাজ করে সেটিকে ট্রাম্পের ভাষায় “আমেরিকান ফ্ল্যাগ ব্লু” রঙে রাঙানো হয়। তবে জুনের শুরুতে পুলটি পুনরায় খুলে দেওয়ার পরপরই সেখানে শৈবালের বিস্তার দেখা দেয় এবং নিচের নীল রঙের প্রলেপ খসে পড়তে শুরু করে।

সংস্কারকাজ নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প দাবি করেন, ভাঙচুরকারীরাই রিফ্লেক্টিং পুলের ক্ষতি করেছে। এ পর্যন্ত হিয়ার্নসহ অন্তত সাতজনকে পুলের নীল রঙ করা তলদেশের ক্ষতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোর অভিযোগ, ন্যাশনাল পার্ক সার্ভিসের কর্মীরা হিয়ার্নকে দুই হাত দিয়ে জোরপূর্বক পুলের নিচের আবরণ টেনে তুলতে দেখেছেন, যাতে প্রায় ২ বর্গফুট বা প্রায় ০ দশমিক ১৮ বর্গমিটার সিল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও দাবি করেন, পার্কের এক কর্মী তাকে থামতে বললে হিয়ার্ন ওই কর্মীর ওপর চিৎকার করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন তোলেন, অতীতে এ ধরনের অনেক ঘটনা লঘু অপরাধ হিসেবে বিবেচিত হলেও হিয়ার্নের বিরুদ্ধে ফেলনি অভিযোগ আনা কি অতিরিক্ত কঠোর পদক্ষেপ নয়। একজন সাংবাদিক জানতে চান, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রিফ্লেক্টিং পুলের ক্ষতির চেষ্টার জন্য ১০ বছরের কারাদণ্ড “সম্পূর্ণভাবে কার্যকর” করার আহ্বান জানানোর পর এই সিদ্ধান্তে কোনো রাজনৈতিক প্রভাব ছিল কি না।

জবাবে পিরো বলেন, তিনি প্রমাণের ভিত্তিতেই অভিযোগ এনেছেন। তার দাবি, ক্ষতির পরিমাণ ১ হাজার ডলারের বেশি হওয়ায় আইন অনুযায়ী এটি ফেলনি অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতির সঙ্গে এই মামলার তুলনাও তিনি প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ওই হামলায় অভিযুক্ত প্রায় সব আসামিকে ক্ষমা করে দেন। হিয়ার্নের মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের আতশবাজির প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার রিফ্লেক্টিং পুলজুড়ে বড় বড় জাল বিছিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, আতশবাজির সময় সম্ভাব্য আবর্জনা যাতে পুলে না পড়ে, সে জন্যই এই জাল ব্যবহার করা হচ্ছে। পুলটি এখনও দর্শনার্থীদের জন্য বেড়া দিয়ে বন্ধ রাখা হয়েছে এবং শৈবাল দূর করার পাশাপাশি খসে পড়া রঙের মেরামতের কাজ চলছে।

তবে বিতর্কিত সংস্কারকাজ নিজের চোখে দেখতে এখনও অনেক মানুষ সেখানে যাচ্ছেন। জর্জিয়ার রসকো শহরের ৩১ বছর বয়সী ব্রায়ান উইলিয়ামস ট্রাম্পের নগর সৌন্দর্যায়নের উদ্যোগের প্রশংসা করে বলেন, গরমকালে স্থির পানির পুলে শৈবাল হওয়া স্বাভাবিক। তার মতে, কেউ প্রেসিডেন্টকে অপছন্দ করলেও জনগণের সম্পত্তির ক্ষতি করা উচিত নয়।

অন্যদিকে টেনেসির কলিয়ারভিলের ৪০ বছর বয়সী নৌবাহিনীর সাবেক সদস্য জন ডেলগাডো ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, স্ত্রী ও পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের সৌন্দর্য ও যে আদর্শের জন্য তারা লড়াই করেছেন তা দেখাতে সেখানে এসেছিলেন, কিন্তু পুলটির বর্তমান অবস্থা দেখে তিনি ক্ষুব্ধ। ট্রাম্পের ভাঙচুরের অভিযোগকে তিনি “খুবই অদ্ভুত” বলে মন্তব্য করেন। তার ভাষায়, ‘আমাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে, আমরা কি এমন এক অবস্থায় পৌঁছেছি যেখানে এ ধরনের দাবি বিশ্বাস করছি? নিজের চোখেই দেখা যায়, পুরো পুলে শৈবাল জমেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এখানে কোনো ভাঙচুরের প্রমাণ আমি দেখছি না।’

সূত্র: আলজাজিরা

Attr/YA
আরও পড়ুন