গণতন্ত্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ফখরুল

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী হবে, সেই দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে।

তার ভাষায়, গণতন্ত্রের কার্যকারিতা ও সাফল্য অনেকাংশে নির্ভর করে দায়িত্বশীল গণমাধ্যমের ওপর। পাশাপাশি তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাদাকে সাদা এবং কালোকে কালো’ বলার সাহস থাকতে হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনস্বার্থে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহি নিশ্চিত করাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক এবং এ ধরনের পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন নিশ্চিত হবে না; দক্ষ, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তি নয়, কাজের মূল্যায়ন করতে হবে। ভালো কাজের স্বীকৃতি যেমন গণমাধ্যমে আসা উচিত, তেমনি অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিষয়েও নির্ভয়ে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণমানুষের আস্থা আরও বাড়াবে এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

NM/YA
আরও পড়ুন