খামেনির প্রথম জানাজা

বিপুল লোক সমাগমে খামেনির প্রথম জানাজা সম্পন্ন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম

লাখো মানুষের অশ্রুসজল চোখ আর উপচে পড়া ভিড়ে সম্পন্ন হলো ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা।

রোববার (৫ জুলাই) সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির তৃতীয় দিন সকালে তেহরানের ‘ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা’ (গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড)-এ এই ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজার নামাজে ইমামতি করেন প্রখ্যাত ধর্মীয় পণ্ডিত আয়াতুল্লাহ শেখ জাফর সোবহানি। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার পরিবারের যে চার সদস্য নিহত হয়েছিলেন, তাঁদের সবার জানাজাই আজ এখানে অনুষ্ঠিত হয়েছে।

গ্র্যান্ড মোসাল্লা চত্বরে খামেনি ও তার পরিবারের সদস্যদের জন্য পৃথকভাবে মোট তিন দফায় জানাজার নামাজ আদায় করা হয়। প্রথম ধাপে অনুষ্ঠিত হয় আয়াতুল্লাহ খামেনির মূল জানাজা। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা হয়। সর্বশেষ তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজার নামাজ আদায় করা হয়।

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত: ছবি- সংগৃহীত

ভোর থেকেই জানাজায় অংশ নিতে এবং প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে তেহরানে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার ভেতরের ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সব প্রবেশদ্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মূল চত্বরে জায়গা না পেয়ে লাখো মানুষ বাইরের প্রধান সড়ক ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় কাতারবন্দি হয়ে জানাজায় শরিক হন।

রোববারের এই বিশাল জানাজাকে ইরানের জাতীয় শোকানুষ্ঠানের সবচেয়ে বড় পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাষ্ট্রীয় সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে বিশেষ শোক শোভাযাত্রা শেষে মরদেহ ইরাকের নজফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আগামী বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদ শহরে দাফন সম্পন্ন হবে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন